পে-স্কেলের অর্থায়ন নিশ্চিত, সিদ্ধান্ত বদলাতে পারবে না পরবর্তী সরকার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পে-স্কেলের অর্থায়ন নিশ্চিত, সিদ্ধান্ত বদলাতে পারবে না পরবর্তী সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
পে-স্কেলের অর্থায়ন নিশ্চিত, সিদ্ধান্ত বদলাতে পারবে না পরবর্তী সরকার ছবির ক্যাপশন:
ad728

নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার পে-স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করে দিয়ে গেছে। ফলে পরবর্তী নির্বাচিত সরকার চাইলে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। তবে বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি ছিল নড়বড়ে অবস্থায়। তবে গত দেড় বছরে সেই পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল করা সম্ভব হয়েছে। তার ভাষায়, “পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।”

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা গেছে। রাজস্ব ব্যবস্থাপনা, ব্যয় সংকোচন এবং অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধের মাধ্যমে অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনা হয়েছে।

নির্বাচন ব্যয় প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনের জন্য সরকার পর্যাপ্ত বরাদ্দ রেখেছে। তবে এই বরাদ্দ ‘হ্যাঁ’ ভোটের জন্য নয় বলে স্পষ্ট করেন তিনি। ড. সালেহউদ্দিন বলেন, “গণভোট আয়োজনের কারণে এবার নির্বাচনে অন্য যেকোনো সময়ের তুলনায় বরাদ্দ বেশি লাগছে।”

তিনি আরও জানান, আগের সরকারের সময়ে নেওয়া অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করে দেওয়ায় কিছু ক্ষেত্রে কর্মসংস্থান কমে যাওয়ার প্রভাব পড়েছে। বিষয়টি বর্তমান সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেও স্বীকার করেন তিনি।

অর্থ উপদেষ্টার ভাষায়, এসব প্রকল্প বন্ধ করা না হলে রাষ্ট্রীয় অর্থের অপচয় হতো। তবে স্বল্পমেয়াদে এর ফলে কর্মসংস্থানের যে ঘাটতি তৈরি হয়েছে, তা সামাল দেওয়ার জন্য নতুন উদ্যোগের প্রয়োজন হবে।

পে-স্কেল প্রসঙ্গে তিনি আবারও বলেন, অর্থের জোগান নিশ্চিত থাকায় এটি বাস্তবায়ন শুধু সময়ের ব্যাপার। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি।

অর্থ উপদেষ্টার এই বক্তব্যের পর সরকারি কর্মচারীদের মধ্যে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমগোরে ভোট দাও’—ভাষা নিয়ে সমালোচনা

‘আমগোরে ভোট দাও’—ভাষা নিয়ে সমালোচনা