গৌরীপুরে নির্মাণের তিন মাসেই ধসে পড়ল সেতুর সংযোগ সড়ক, কাজে অনিয়মের অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গৌরীপুরে নির্মাণের তিন মাসেই ধসে পড়ল সেতুর সংযোগ সড়ক, কাজে অনিয়মের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
গৌরীপুরে নির্মাণের তিন মাসেই ধসে পড়ল সেতুর সংযোগ সড়ক, কাজে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে সুরিয়া নদীর ওপর নির্মিত একটি গার্ডার সেতুর সংযোগ সড়ক নির্মাণের মাত্র তিন মাসের মধ্যেই ধসে পড়েছে। টানা বৃষ্টির কারণে গত দুই দিনে সড়কটির একটি বড় অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় সেতু দিয়ে চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

জানা গেছে, প্রায় ৯৭ লাখ ৩৮ হাজার ৫৩০ টাকা ব্যয়ে ১৫ মিটার দীর্ঘ গার্ডার সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। চলতি বছরের মার্চ মাসে নির্মাণকাজ শেষ হয়।

রোববার (১২ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, সংযোগ সড়কের উল্লেখযোগ্য অংশ ধসে নদীতে চলে গেছে। ফলে সেতু ব্যবহার করে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বর্তমানে স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে পারাপার করছেন।

স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণের সময় থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ছিল। তাদের দাবি, প্রয়োজনীয় মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় টানা বৃষ্টিতে সড়কটি ধসে পড়েছে। বিষয়টি আগেই সংশ্লিষ্টদের জানানো হলেও তা গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তারা।

সংযোগ সড়ক ধসে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং কৃষকদের দুর্ভোগ বেড়েছে। রিকশা, ভ্যান, ইজিবাইক, অটোরিকশাসহ সব ধরনের ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে কৃষকেরা উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে পারছেন না।

এলাকাবাসী দ্রুত সংযোগ সড়কটি টেকসইভাবে পুনর্নির্মাণ এবং নির্মাণকাজে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলাল উদ্দিন বলেন, প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পিআইওকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার