তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত রাজনৈতিক ড্রামা ‘জন নায়গন’ অবশেষে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে প্রদর্শনের অনুমতি পেয়েছে। তবে ছাড়পত্র পেতে সিনেমাটিতে মোট ১২টি পরিবর্তন আনতে হয়েছে। এসব সংশোধনের পর ছবিটিকে ‘এ’ (Adults Only) সনদ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ জুলাই) সিবিএফসি ছবিটির সেন্সর সনদ প্রদান করে। বোর্ডের তথ্য অনুযায়ী, সিনেমাটির মোট দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৩ মিনিট ১১ সেকেন্ড (১৮৩ মিনিট ১১ সেকেন্ড)।
সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ছবির কয়েকটি সংবেদনশীল দৃশ্য ও সংলাপে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়ে থাকার দৃশ্য অপসারণ, সাদ্দাম হোসেনের ফাঁসি-সংক্রান্ত একটি সংলাপ পরিবর্তন বা মুছে ফেলা, জেলা প্রশাসকের (ডিস্ট্রিক্ট কালেক্টর) কার্যালয়ের ব্যাজ অসম্মানজনকভাবে প্রদর্শনের দৃশ্য সংশোধন, একটি সম্পূর্ণ সংলাপ মিউট করা এবং শিশুকে আগুনে পুড়িয়ে দেওয়ার দৃশ্য বাদ দিয়ে বিকল্প দৃশ্য সংযোজন।
এছাড়া সিনেমা থেকে প্রায় ২০ সেকেন্ডের ফুটেজ বাদ দিতে এবং আরও ১০ সেকেন্ডের একটি অংশ পরিবর্তন করতে নির্দেশ দিয়েছে সিবিএফসি।
পরিচালক এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়গন’ শুরুতে ২০২৬ সালের ৯ জানুয়ারি, পোঙ্গল উৎসব উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। মুক্তির আগেই ছবিটি তামিল চলচ্চিত্রাঙ্গনের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত প্রজেক্টে পরিণত হয়েছে।
এই সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ, এতে অভিনয় করেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা বিজয়। ২০২৪ সালে নিজস্ব রাজনৈতিক দল গঠনের মাধ্যমে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং পরে নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক দায়িত্বে পুরোপুরি মনোযোগ দেওয়ার আগে অভিনেতা হিসেবে এটিই বিজয়ের শেষ সিনেমা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ফলে ‘জন নায়গন’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং বিজয়ের দীর্ঘ অভিনয় জীবনের বিদায়ী অধ্যায় হিসেবেও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
কসমিক ডেস্ক