যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে নতুন নামটি কার্যকর হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ভবন, কর্মসূচি ও অন্যান্য রাষ্ট্রীয় স্থাপনায় তার নাম যুক্ত করার উদ্যোগের ধারাবাহিকতায় এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্লোরিডার পাম বিচ শহরে ট্রাম্পের বিখ্যাত মার-আ-লাগো (Mar-a-Lago) রিসোর্ট অবস্থিত। দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে ট্রাম্পের রাজনৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে। ফলে বিমানবন্দরের নাম পরিবর্তনকে তার প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে দেখছেন সমর্থকরা।
ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পুরো ফ্লোরিডায় পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো ঘনিষ্ঠভাবে আর কেউ জড়িয়ে নেই। তার মতে, এই নামকরণ যথাযথ স্বীকৃতিরই প্রতিফলন।
শুধু এই বিমানবন্দরই নয়, ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনসহ বিভিন্ন স্থানে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তার নাম যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস-এর সঙ্গে তার নাম যুক্ত করা হলেও জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এর নাম পরিবর্তনের উদ্যোগ আদালতে বাতিল হয়ে যায়।
এদিকে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস চলতি বছরের মার্চ মাসে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের আইন অনুমোদন করেন। এরপর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার থেকে নতুন নাম কার্যকর করা হয়।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নামে বিমানবন্দরের নামকরণ তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও সমালোচকদের একাংশ মনে করছেন, সরকারি স্থাপনার নাম পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক আরও বাড়তে পারে
কসমিক ডেস্ক