জুলাই জাদুঘর দ্রুত সময়ের মধ্যেই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জাদুঘর চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাই জাদুঘর পরিচালনার সব কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাদুঘরের কমিটি কিছুটা অগোছালো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে জাতীয় সংসদেও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘর উদ্বোধন এবং পরিচালনা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।
বক্তব্যে নিতাই রায় চৌধুরী অতীত সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় ধরে দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছিল।
বর্তমান সরকার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন সংস্কৃতিমন্ত্রী।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক