দেশের প্রস্তাবিত ‘ভিসা পলিসি ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করার লক্ষ্যে ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। নবগঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থমন্ত্রীকে। বুধবার (৮ জুলাই) বাংলাদেশ গেজেটে প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটি নতুন ভিসা নীতিমালার বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের কাজ করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির প্রধান দায়িত্ব হবে ‘ভিসা পলিসি ২০২৬’-এর খসড়া পর্যালোচনা, পরিমার্জন এবং চূড়ান্ত করা। প্রয়োজনে কাজের সুবিধার্থে কমিটি নতুন সদস্য কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করতে পারবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং এর সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারের নির্দেশনা অনুযায়ী, কমিটির সুপারিশের ভিত্তিতে পরিমার্জিত ‘ভিসা পলিসি ২০২৬’-এর চূড়ান্ত খসড়া আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ভিসা নীতিমালা প্রণয়নের মাধ্যমে দেশের ভিসা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া নীতিমালা চূড়ান্ত হওয়ার পর তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং অনুমোদন সাপেক্ষে পরবর্তী কার্যক্রম শুরু হবে।
কসমিক ডেস্ক