বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া যুবরাজের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফরের সময়সূচি দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।
হুমায়ুন কবির আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর মতে, এটি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ নেতৃত্বের সম্ভাব্য এ সফর বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হতে পারে।
সোমবারের এই সৌজন্য সাক্ষাৎকে বাংলাদেশ-সৌদি সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরের সম্ভাব্য সময়সূচি ও কর্মসূচি চূড়ান্ত হলে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে।
কসমিক ডেস্ক