কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ : সেতুমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ : সেতুমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ : সেতুমন্ত্রী ছবির ক্যাপশন:

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাসিক টোল আয়ের তুলনায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় প্রায় দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানান, কর্ণফুলী টানেল থেকে প্রতি মাসে গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়। বিপরীতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয় প্রায় ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা। ফলে টানেলটির পরিচালন ব্যয় এখনো টোল আয়ের তুলনায় অনেক বেশি।

মন্ত্রী ব্যাখ্যা করে বলেন, টানেলের নিরাপদ ও কার্যকর পরিচালনার জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা, আধুনিক বায়ু চলাচল ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় প্রযুক্তিনির্ভর সেবা চালু রাখতে হয়। এসব ব্যবস্থার কারণেই পরিচালনা ব্যয় তুলনামূলক বেশি।

তিনি আরও জানান, টানেল চালুর শুরুতে প্রতিদিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয় হতো। তবে সরকারের কৃচ্ছ্রসাধন নীতি এবং সেতু কর্তৃপক্ষের বিভিন্ন ব্যয়-সংকোচন উদ্যোগের ফলে বর্তমানে দৈনিক ব্যয় ২২ থেকে ২৩ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে টানেলকে দীর্ঘমেয়াদে লাভজনক করতে সরকার আরও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

এদিন সংসদে অন্যান্য প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, রাজধানীর যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত দেশের প্রথম বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নিবন্ধন, চালকদের লাইসেন্স নিশ্চিতকরণ এবং নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন যানবাহন পর্যায়ক্রমে সড়ক থেকে অপসারণ করা হচ্ছে। পাশাপাশি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সত্যিকার অর্থে শ্রেণিকক্ষের বাইরে জন্মায় জীবন্ত পাঠ

সত্যিকার অর্থে শ্রেণিকক্ষের বাইরে জন্মায় জীবন্ত পাঠ