সীমান্তে পাকিস্তানের অভিযান, আফগানিস্তানের দাবি ৩৬ বেসামরিক নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সীমান্তে পাকিস্তানের অভিযান, আফগানিস্তানের দাবি ৩৬ বেসামরিক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
সীমান্তে পাকিস্তানের অভিযান, আফগানিস্তানের দাবি ৩৬ বেসামরিক নিহত ছবির ক্যাপশন:

আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তানের সামরিক হামলায় নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি হতাহতের এই তথ্য প্রকাশ করেন।

আফগান কর্মকর্তাদের দাবি, হামলায় ক্ষতিগ্রস্তদের অধিকাংশই সাধারণ মানুষ। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের আস্তানা ও নিরাপদ আশ্রয়স্থল লক্ষ্য করে পরিকল্পিত সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে দেওয়া বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও পুলিশের ওপর হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান এসব হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুল সরকার দীর্ঘদিন ধরেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এই হামলার আগে করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে সশস্ত্র হামলায় তিন নিরাপত্তা সদস্য নিহত হন। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে তিন হামলাকারীকে হত্যা এবং আহত অবস্থায় আরেকজনকে আটক করে। পাকিস্তানের দাবি, আটক ব্যক্তি একজন আফগান নাগরিক। পরে পাকিস্তানি তালেবানের একটি বিচ্ছিন্ন অংশ জামাত-উল-আহরার ওই হামলার দায় স্বীকার করে।

সীমান্ত পরিস্থিতি গত কয়েক মাস ধরেই উত্তপ্ত। এর আগে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ার জেরে দুই দেশের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় শত শত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার মধ্যস্থতার চেষ্টা করা হয়েছে। চীনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকসহ বিভিন্ন শান্তি প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে সাম্প্রতিক এই হামলা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও নিরাপত্তা সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার

জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার