আকাশে কালো মেঘ জমে ওঠা, বজ্রপাতের গর্জন—এই দৃশ্য আমাদের জন্য খুবই পরিচিত। ঝড় শুরু হওয়ার আগেই আমরা সাধারণত জানালা-দরজা বন্ধ করতে ব্যস্ত হয়ে পড়ি। তবে অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যান—বাড়ির ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর সুরক্ষা। অথচ বজ্রপাতের সময় বিদ্যুতের শক্তিশালী তরঙ্গ বা পাওয়ার সার্জ আপনার দামী যন্ত্রপাতিকে মুহূর্তেই নষ্ট করে দিতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে অসংখ্য বজ্রপাত ঘটে এবং এর একটি বড় অংশ ভয়াবহ ক্ষয়ক্ষতির কারণ হয়। সরাসরি বজ্রপাত না হলেও আশপাশে বজ্রপাত হলে বিদ্যুতের লাইনের মাধ্যমে অতিরিক্ত ভোল্টেজ আপনার বাসায় প্রবেশ করতে পারে। ফলে টেলিভিশন, কম্পিউটার, এমনকি ছোট ইলেকট্রনিক ডিভাইসও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঝড়ের আগেই কিছু সতর্কতা নেওয়া অত্যন্ত জরুরি।
প্রথমত, টেলিভিশন ও গেমিং কনসোলের দিকে বিশেষ নজর দিতে হবে। এগুলো সাধারণত সবসময় বিদ্যুতের সঙ্গে সংযুক্ত থাকে এবং বজ্রপাতের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। মেঘের গর্জন শুরু হলেই টিভি, প্লে-স্টেশন বা এক্সবক্সের মতো ডিভাইসগুলো আনপ্লাগ করে রাখা উচিত। যদি এগুলো পাওয়ার স্ট্রিপে সংযুক্ত থাকে, তবে সেই স্ট্রিপটিও ওয়াল সকেট থেকে খুলে রাখা নিরাপদ।
দ্বিতীয়ত, ডেস্কটপ কম্পিউটার ও এর আনুষঙ্গিক যন্ত্রপাতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝড়ের সময় বৈদ্যুতিক সংযোগ আছে এমন যন্ত্র স্পর্শ করা ঝুঁকিপূর্ণ। ডেস্কটপ, মনিটর, রাউটার, মডেম এবং প্রিন্টার—সবকিছুই বিদ্যুতের সংযোগ থেকে বিচ্ছিন্ন রাখা উচিত। ল্যাপটপ ব্যবহার তুলনামূলক নিরাপদ, তবে সেটি চার্জে লাগানো না থাকাই ভালো।
তৃতীয়ত, রান্নাঘরের ছোট ইলেকট্রনিক সরঞ্জামগুলো প্রায়ই উপেক্ষিত হয়। টোস্টার, ব্লেন্ডার, কফি মেকার কিংবা এয়ার ফ্রায়ারের মতো ডিভাইসগুলোও পাওয়ার সার্জে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঝড়ের সময় এগুলো আনপ্লাগ করে রাখা ভালো। এমনকি স্বাভাবিক সময়েও ব্যবহার শেষে এগুলো খুলে রাখলে আগুনের ঝুঁকি কমে।
চতুর্থত, স্মার্ট হোম ডিভাইসগুলোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। স্মার্ট স্পিকার, স্মার্ট প্লাগ, স্ট্রিমিং ডিভাইস ইত্যাদি ইন্টারনেট সংযুক্ত থাকায় এগুলো বজ্রপাতের সময় দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঝড়ের পূর্বাভাস পেলেই এসব ডিভাইস বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন করে রাখা উচিত।
পঞ্চমত, এয়ার কন্ডিশনার ইউনিটের বিষয়টি অনেকেই ভুলে যান। বজ্রপাতের সময় এসি বন্ধ রাখা জরুরি। হঠাৎ ভোল্টেজ বৃদ্ধি কম্প্রেসর বা কন্ট্রোল প্যানেল নষ্ট করে দিতে পারে, যার মেরামত খরচ অনেক বেশি। উইন্ডো এসির ক্ষেত্রে আনপ্লাগ করা সম্ভব না হলে অন্তত সুইচ বন্ধ রাখতে হবে।
ঝড় থেমে যাওয়ার পরেও তাড়াহুড়া করে সব যন্ত্র পুনরায় চালু করা উচিত নয়। আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ। এতে করে সম্ভাব্য ক্ষতির ঝুঁকি আরও কমে যায়।
সবশেষে বলা যায়, সামান্য কিছু সতর্কতা আপনার দামী ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। ঝড়-বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা, তবে সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে এর ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
কসমিক ডেস্ক