ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে বহু রেকর্ডের মালিক ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সবচেয়ে বেশি ম্যাচ জয় এবং সর্বাধিক গোল করার কৃতিত্ব আগেই অর্জন করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি অনন্য অর্জন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে ৫০টি ক্লিনশিটের মাইলফলক স্পর্শ করেছে সেলেসাওরা। অর্থাৎ বিশ্বকাপে ৫০টি ম্যাচে ব্রাজিলের জালে কোনো গোল করতে পারেনি প্রতিপক্ষ।
এই অর্জনের মাধ্যমে ক্লিনশিটের তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ব্রাজিল। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ক্লিনশিট রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির, যাদের ঝুলিতে রয়েছে ৪১টি ক্লিনশিট। এরপর রয়েছে ইংল্যান্ড, যারা ৩৭টি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইতালি, তাদের ক্লিনশিটের সংখ্যা ৩২।
ব্রাজিলের গোলকিপারদের ব্যক্তিগত অর্জনের দিক থেকেও রয়েছে উল্লেখযোগ্য পরিসংখ্যান। ১৯৭০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমারসন লিয়াও এবং ক্লদিও তাফারেল সর্বোচ্চ ৮টি করে ক্লিনশিটের রেকর্ড গড়েছেন। বর্তমান গোলরক্ষক আলিসন বেকার এখন পর্যন্ত বিশ্বকাপে ৭টি ম্যাচে ব্রাজিলের জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছেন।
আগামী সোমবার (২৯ জুন) রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ওই ম্যাচেও যদি প্রতিপক্ষকে গোল করতে না দেয় সেলেসাওরা, তাহলে আলিসন বেকার ব্যক্তিগতভাবে ৮ ক্লিনশিটে পৌঁছে লিয়াও ও তাফারেলের রেকর্ড স্পর্শ করবেন।
বিশ্বকাপে ব্রাজিলের সামগ্রিক পরিসংখ্যানও দলটির ধারাবাহিক সাফল্যের প্রমাণ বহন করে। এখন পর্যন্ত ১১৭টি ম্যাচ খেলে ৭৮টিতে জয় পেয়েছে ব্রাজিল। ২০টি ম্যাচ ড্র এবং ১৯টিতে পরাজয়ের পাশাপাশি দলটি মোট ২৪৪টি গোল করেছে। সব মিলিয়ে ৫০টি ক্লিনশিট নিয়ে বিশ্বকাপ ইতিহাসে এ তালিকার শীর্ষস্থানেও রয়েছে তারা।
বিশ্বকাপে সর্বাধিক ক্লিনশিট
- ব্রাজিল — ৫০
- জার্মানি — ৪১
- ইংল্যান্ড — ৩৭
- ইতালি — ৩২
কসমিক ডেস্ক