পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজারো বাংলাদেশি হাজি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৬১ হাজার ৬৯৭ জন হাজি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ১৫৬টি ফিরতি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৩৭৮ জন রয়েছেন। ফিরতি ফ্লাইট পরিচালনায় বিভিন্ন এয়ারলাইনস সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সর্বাধিক ২৭ হাজার ৩৬৩ জন হাজিকে পরিবহন করেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ২১ হাজার ৬৫২ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ১০ জন হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে যান। হজ অনুষ্ঠিত হয় ২৬ মে এবং প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ চলাকালীন এবং পরবর্তী সময়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃত্যুর ঘটনাগুলো মক্কা, মদিনা ও জেদ্দায় ঘটেছে বলে জানা গেছে।
এদিকে হাজিদের চিকিৎসা ও সেবা কার্যক্রমও চলমান রয়েছে। সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে প্রায় ২৮ হাজারের বেশি সেবা দেওয়া হয়েছে।
সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো হাজিদের নিরাপদ ও সুষ্ঠু প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ করছে। ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কসমিক ডেস্ক