দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন ছবির ক্যাপশন:

প্রায় ১৪ মাস বিরতির পর আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিশেষ কর্মসূচি পরিচালিত হবে। এর মূল লক্ষ্য হলো শিশুদের অন্ধত্ব প্রতিরোধ এবং অপুষ্টিজনিত সমস্যা হ্রাস করা।

কর্মসূচি অনুযায়ী, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যা ইপিআই’র নিয়মিত টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। পাশাপাশি দুর্গম এলাকার জন্য ৫০০টি মোবাইল কেন্দ্র (লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ) স্থাপন করা হয়েছে, যাতে কোনো শিশু এই সেবার বাইরে না থাকে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানিয়েছেন, ক্যাপসুল ইতোমধ্যে মাঠ পর্যায়ে পৌঁছে গেছে এবং সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি অভিভাবকদের আহ্বান জানিয়েছেন, নির্ধারিত দিনে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ খাওয়ানো নিশ্চিত করতে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ জুন রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্থানীয় সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন।

জেলা ও উপজেলা পর্যায়ে সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তারা মাঠপর্যায়ে কার্যক্রম মনিটরিং করবেন। কেন্দ্রীয় পর্যায় থেকেও তদারকি নিশ্চিত করা হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ডায়রিয়াসহ বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে এ কর্মসূচি শুরু হয় এবং পরবর্তীতে এটি জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হয়ে ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ নামে পরিচিত হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ বিরতির পর এই ক্যাম্পেইন পুনরায় শুরু হওয়া শিশুস্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন ঊর্ধ্বগতি