রংপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রংপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
রংপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুর নগরীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়ম, লাইসেন্সবিহীন কার্যক্রম, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. মো. ইব্রাহীম টিটনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার আদেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স, রেজিস্ট্রেশন, চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ সংরক্ষণের মান যাচাই করা হয়।

অভিযানে নগরীর ধাপ এলাকার ‘আমার দেশ হাসপাতাল’-এ রেজিস্ট্রেশন নবায়ন না থাকা এবং মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ওষুধ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একইভাবে ‘ফার্স্ট কিওর স্পেশালাইজড অ্যান্ড ট্রমা সেন্টার’-এ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ অ্যানেসথেসিয়া ওষুধ সংরক্ষণ এবং বিভিন্ন স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

অন্যদিকে ‘ল্যাবএইড ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম’-এ রেজিস্ট্রেশন না থাকা ও অন্যান্য প্রশাসনিক অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে নিয়মের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানের সময় খবর পেয়ে নগরীর ‘হাবিব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এর কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে স্থান ত্যাগ করে বলে জানায় সংশ্লিষ্টরা। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

অভিযান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা নিয়মনীতি অনুসরণ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা বলেন, স্বাস্থ্যসেবা খাতে সামান্য অবহেলাও রোগীদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই জনস্বার্থে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানান, বেসরকারি স্বাস্থ্যসেবার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তদারকিও বাড়ানো হয়েছে। রোগীর নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুদ্ধ উত্তেজনায় ৩% ছাড়াল তেলের দাম বৃদ্ধি, বাজারে নতুন অস্থি

যুদ্ধ উত্তেজনায় ৩% ছাড়াল তেলের দাম বৃদ্ধি, বাজারে নতুন অস্থি