প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়ে বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর, বিস্তৃত ও বহুমাত্রিক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে তিনি উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি নেতা হিসেবে তিনি আনোয়ার ইব্রাহিমের ফোন পেয়েছিলেন, যেখানে তাকে অভিনন্দন জানানো হয় এবং মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানো হয়। স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথম বিদেশ সফরে আসতে পেরে তিনি আনন্দ ও সম্মানবোধ করছেন বলেও উল্লেখ করেন।
তিনি স্মরণ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের ভিত্তি বহু আগেই স্থাপিত হয়েছে। তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে মালয়েশিয়া সফর করেন এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯৩ সালের সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছিল।
দুই দেশের শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি রপ্তানি, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উভয় নেতা বিদ্যমান যৌথ কমিশন ও কূটনৈতিক সংলাপ আরও জোরদারের ব্যাপারে একমত হন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং মালয়েশিয়ার ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে তিনি শ্রমবাজার সম্প্রসারণ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক শ্রমিকদের প্রত্যাবাসনের বিষয় উত্থাপন করেন। পাশাপাশি স্বচ্ছ ও ন্যায্য শ্রম নিয়োগ ব্যবস্থার ওপর জোর দেন দুই দেশ।
রোহিঙ্গা সংকট, আঞ্চলিক সহযোগিতা, আসিয়ান ও আরসিইপি সদস্যপদসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও বৈঠকে আলোচনা হয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সফর বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায় শুরু করবে, যা দুই দেশের উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।
কসমিক ডেস্ক