বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে দল সাজানোর পরিকল্পনায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে আর্জেন্টিনা শিবিরে। নকআউট পর্বের আগে মূল খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং বেঞ্চের শক্তি যাচাইয়ের লক্ষ্যেই কোচ লিওনেল স্কালোনি একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবারের অনুশীলনে আর্জেন্টিনা দলের পরিবেশ ছিল বেশ প্রাণবন্ত। খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্যপূর্ণ মেজাজের পাশাপাশি কোচ স্কালোনিকেও বিভিন্ন সমন্বয় নিয়ে কাজ করতে দেখা যায়। অনুশীলনে তিনি একটি ভিন্ন একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন, যা শেষ ম্যাচে রোটেশনের সম্ভাবনাকেই আরও জোরালো করেছে।
গোলরক্ষক হিসেবে অনুশীলনে হুয়ান মুসোকে বেশি সময় দেখা গেলেও ম্যাচে প্রথম পছন্দ হিসেবে এমিলিয়ানো মার্টিনেজের মাঠে নামার সম্ভাবনাই বেশি। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে গঞ্জালো মন্তিয়েল পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন। অনুশীলনে তার সঙ্গে রক্ষণভাগে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি এবং নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড পাওয়ার কারণে নকআউট পর্বে নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরু থেকেই না খেলানোর চিন্তা থাকতে পারে কোচের। অনুশীলনে এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো এবং জিউলিয়ানো সিমিওনেকে একসঙ্গে অনুশীলন করতে দেখা গেছে।
এ ছাড়া বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ না পাওয়া তরুণ ডিফেন্ডার ভ্যালেন্তিন বারকোরও অভিষেক হতে পারে বলে আলোচনা রয়েছে। আক্রমণভাগে উইঙ্গার হিসেবে নিকো পাজকে বিবেচনায় রাখা হচ্ছে। অন্যদিকে স্ট্রাইকার হিসেবে জুলিয়ান আলভারেজের শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বিশ্বকাপের বর্তমান শীর্ষ গোলদাতা ও আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে অনুশীলনের সম্ভাব্য মূল একাদশে রাখা হয়নি। তাকে দ্বিতীয়ার্ধে খেলানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আগামী ২৮ জুন সকালে ডালাসে জর্দানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের আগে দলকে সতেজ রাখা, চোটের ঝুঁকি কমানো এবং স্কোয়াডের গভীরতা যাচাই করাই স্কালোনির মূল লক্ষ্য হতে পারে।
কসমিক ডেস্ক