সরকার গঠন করলে বরিশাল–ভোলা সেতু নির্মাণ করা হবে—তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সরকার গঠন করলে বরিশাল–ভোলা সেতু নির্মাণ করা হবে—তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
সরকার গঠন করলে বরিশাল–ভোলা সেতু নির্মাণ করা হবে—তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীতে সরকার গঠন করলে বরিশাল–ভোলা সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের উন্নয়ন এবং ভোলায় মেডিকেল কলেজের কাজ শুরু করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ১৯৯৩ সালে বিএনপির নেতৃত্বাধীন সরকার বরিশালকে বিভাগ হিসেবে ঘোষণা করেছিল। এরপর এই অঞ্চলে নানা উন্নয়ন কাজ হয়েছে, তবে এখনও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। তিনি বলেন, বরিশাল–ভোলা সেতু নির্মাণ, শেরে বাংলা মেডিকেল কলেজের মানোন্নয়ন এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপন—এসব কাজ বাস্তবায়ন করতেই হবে।

দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বরিশাল বিভাগ ও ভোলার উন্নয়নে নদীভাঙন রোধ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নদীভাঙনের কারণে বহু মানুষের বসতভিটা, কবরস্থান ও ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বেড়িবাঁধ নির্মাণসহ কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

তারেক রহমান বলেন, নদীভাঙন রোধের কাজ এখনও অসম্পন্ন রয়েছে। এসব বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন প্রয়োজন। বিএনপি জনগণের পাশে থেকেই এই কাজগুলো করতে চায়।

বক্তব্যে তিনি অতীতের কথা স্মরণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বরিশাল অঞ্চলে পল্লী বিদ্যুৎ চালু হয়েছিল। বরিশাল বিভাগ ঘোষণাসহ বহু উন্নয়নকাজ বিএনপির আমলেই শুরু হয়। তবে গত ১৬ বছরে স্বৈরাচারী শাসনের কারণে অনেক কাজ থমকে গেছে এবং অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংকট বেড়েছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, রাস্তাঘাট ভেঙে গেছে, স্কুল–কলেজে শিক্ষকের অভাব দেখা দিয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের সংকট তৈরি হয়েছে। এসব সমস্যার সমাধান বিএনপিই করতে পারবে বলে দাবি করেন তিনি।

কৃষি ও মৎস্য খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, বরিশাল বিভাগ কৃষি ও মৎস্য উৎপাদনে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। কৃষক ও মৎস্যচাষীদের সহায়তায় বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে। ফসল ও মাছ সংরক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে হিমাগার নির্মাণ করা হবে, যাতে উৎপাদকরা ন্যায্যমূল্য পান।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার মাধ্যমে জমির পরিমাণ ও ফসলের ধরন অনুযায়ী বীজ, সার ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দেন তিনি।

তরুণ ও যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, দক্ষিণাঞ্চলের বড় সমস্যা হলো বেকারত্ব। ভোলার গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে সেখানে শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে তরুণদের দক্ষ করে তোলা হবে।

এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা চাকরি, ব্যবসা কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে বলে জানান তিনি।

স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, ভোলা ও বরিশালের প্রত্যন্ত অঞ্চলে এখনও অনেক মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। মা ও শিশুদের জন্য গ্রাম পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রশিক্ষিত হেলথকেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

বক্তব্যের শেষাংশে নারী ক্ষমতায়ন ও বেকার সমস্যা সমাধানে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করা এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারুণ্য ও মর্যাদার ইশতেহার: এনসিপির ৩৬ দফা প্রতিশ্রুতি

তারুণ্য ও মর্যাদার ইশতেহার: এনসিপির ৩৬ দফা প্রতিশ্রুতি