রাজধানীর প্রাণকেন্দ্রে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী ক্রীড়া পরিবেশ। পল্টন ময়দানে ট্রাকে করে ঢাকার বাইরে থেকে আনা বালু দিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ বালুর কোর্ট, যা দেখতে অনেকটাই সমুদ্রসৈকতের মতো। এই কোর্টেই এশিয়ান বিচ গেমসকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ কাবাডি ও হ্যান্ডবল দল।
বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের পল্টন ময়দানে আটটি ট্রাক বালু ব্যবহার করে এ বালুর কোর্ট তৈরি করা হয়েছে। চীনের হাইনান প্রদেশের সানিয়ায় আগামী ২২ থেকে ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান বিচ গেমস। সেই প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবেই রাজধানীতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথমে বাংলাদেশ কাবাডি ফেডারেশন প্রস্তুতি পর্ব কক্সবাজারে আয়োজনের পরিকল্পনা করলেও পরবর্তীতে সার্বিক প্রস্তুতি ও তদারকি সহজ করতে ঢাকাতেই ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই উদ্যোগে কাবাডি ও হ্যান্ডবল ফেডারেশন যৌথভাবে কাজ করছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, দূরবর্তী এলাকায় ক্যাম্প আয়োজন করলে প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিংয়ে জটিলতা তৈরি হয়। সেই বিবেচনায় রাজধানীতে এমন একটি জায়গায় ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে সব কার্যক্রম সরাসরি তদারকি করা সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন বিচ গেমসেও কাবাডি দল ভালো ফল করবে।
তালিকা অনুযায়ী কাবাডি দল প্রতিদিন দুই সেশনে অনুশীলন করছে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুশীলন চলবে। কাবাডির অনুশীলনের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনও আলাদা প্রশিক্ষণ সূচি নির্ধারণ করেছে।
জানা গেছে, প্রয়োজনে কাবাডি ও হ্যান্ডবলের পাশাপাশি কুস্তির মতো অন্যান্য ক্রীড়া ডিসিপ্লিনও এই বিশেষভাবে নির্মিত বালুর কোর্ট ব্যবহার করতে পারবে। রাজধানীর বুকে এমন অভিনব প্রস্তুতি ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।