নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি ডাম্প ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার নজিপুরের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি অটোভ্যান মহাদেবপুরের দিকে আসছিল। পথে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে চাপা দেয়।
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই অটোভ্যানের দুই যাত্রী নিহত হন। আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনও মারা যান। ফলে এই ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হলেও তাদের অবস্থা ছিল অত্যন্ত গুরুতর।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস জানান, ভোর পাঁচটার দিকে তিনজন আহতকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা চেষ্টা চালালেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে ও ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কসমিক ডেস্ক