ময়মনসিংহে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদ জানান, ময়মনসিংহ জেলার প্রতিটি প্রান্ত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা এই জনসভায় অংশ নিতে এসেছেন। তার ভাষ্য অনুযায়ী, প্রধান অতিথির আগমনের আগেই সমাবেশস্থলে বিপুল জনসমাগম ঘটে এবং উপস্থিত সবাই ডা. শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে। জনসভার কারণে নগরবাসীর সাময়িক ভোগান্তি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধও জানান তিনি।
ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম জানান, অল্প সময়ের মধ্যেই দলের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছাবেন। তিনি বলেন, এই জনসভায় এনসিপি, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতসহ ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জনসভাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব মোতায়েন রয়েছে। নগরীর যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।