বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভূমিধস বিজয় হবে। তিনি বলেন, জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে বিএনপি এমন একটি সরকার গঠন করবে, যেখানে রাষ্ট্রের প্রকৃত মালিক হবে জনগণ।
বুধবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগ এবং একই এলাকায় অনুষ্ঠিত পৃথক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা পুনরুদ্ধার করবে। প্রত্যেক ভোটার স্বাধীনভাবে, ভয়ভীতিহীন পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, ‘আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন—এটাই গণতন্ত্র। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।’
তিনি আরও বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যেখানে আর কোনো মানুষ গুম হবে না, কোনো মা সন্তান হারানোর বেদনা অনুভব করবেন না। গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতার দাবি, দীর্ঘ সময় ধরে দেশে গণতন্ত্র সংকুচিত ছিল। মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। জনগণ স্বাধীন পরিবেশে ভোট দিতে পারবে এবং তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের পছন্দ হয়, তাহলে জনগণ অবশ্যই বিএনপিকে ভোট দেবে। একইসঙ্গে তিনি বলেন, অন্য রাজনৈতিক দলগুলোরও উচিত তাদের নিজ নিজ কর্মসূচি ও পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা। জনগণ যেটিকে ভালো মনে করবে, সেটিকেই সমর্থন দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
তবে তিনি সতর্ক করে বলেন, একটি মহল মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ‘ভোট দিলে জান্নাত পাওয়া যাবে’—এ ধরনের বক্তব্য দিয়ে যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক