কুড়িগ্রামে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুড়িগ্রামে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
কুড়িগ্রামে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি ছবির ক্যাপশন:

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, জেলার দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮৩ মিটার। এ পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে নদীর পানি আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সেখানে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে ২৫ দশমিক ৪৫ মিটার রয়েছে, যা এখনও বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানির উচ্চতা ৩০ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে এদিন ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ২ সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদিও এসব পয়েন্টে নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারী এলাকায় এ সময় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিস্তা নদীর পানিও দ্রুত বাড়ছে। কাউনিয়া পয়েন্টে সকাল ৯টায় পানির উচ্চতা দাঁড়িয়েছে ২৯ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচে। সকাল ৬টা থেকে এ পর্যন্ত সেখানে ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। কাউনিয়া এলাকায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, উজানের ঢলের কারণে দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে এবং অন্যান্য নদীর পানিও ক্রমাগত বাড়ছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পানি আরও বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মানুষ ছাড়াই নিজেকে উন্নত করতে পারবে এআই, সতর্ক করল অ্যানথ্রপ

মানুষ ছাড়াই নিজেকে উন্নত করতে পারবে এআই, সতর্ক করল অ্যানথ্রপ