নির্বাচনী ব্যানার পোড়ানো, পোস্টার ছেঁড়া এবং কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের গণজোয়ার থামানো সম্ভব নয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষের সঙ্গে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা ব্যানারে আগুন লাগিয়ে বা পোস্টার ছিঁড়ে থামানো যাবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, মানুষের সমর্থনের এই স্রোত কি ভয় দেখিয়ে থামানো সম্ভব?
তিনি আরও বলেন, যারা ব্যানার পোড়াচ্ছে, পোস্টার ছিঁড়ছে এবং কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে, তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ধরনের অন্যায়ের বিচার আল্লাহ নিজেই করবেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনারা আমাদের মজলুম বানাচ্ছেন। মজলুমের সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক রয়েছে। মজলুম যখন আহ্ করে, সেই আহ্ আল্লাহর কাছে পৌঁছে যায়। যারা জুলুম করছে, তাদের বিচার আল্লাহ জমিনেই করবেন, ইনশাআল্লাহ।’
উঠান বৈঠকে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ জামায়াত ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ।