হাদি হত্যাকাণ্ড: ছয় দিনের রিমান্ডে রুবেল, দায় স্বীকারের তথ্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাদি হত্যাকাণ্ড: ছয় দিনের রিমান্ডে রুবেল, দায় স্বীকারের তথ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
হাদি হত্যাকাণ্ড: ছয় দিনের রিমান্ডে রুবেল, দায় স্বীকারের তথ্য ছবির ক্যাপশন:
ad728

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত মো. রুবেল আহমেদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, এ হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এদিকে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগের এক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমাও আবার পেছানো হয়েছে। রোববার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা সিআইডি তা জমা দিতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত নতুন করে আগামী ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন। এ নিয়ে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ তিনবার পিছাল।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যা পরে হত্যা মামলায় রূপান্তর করা হয়।

মামলাটি তদন্ত করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) গত ৬ জানুয়ারি ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তবে মামলার বাদী ১৫ জানুয়ারি ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। এরপর একাধিকবার সময় নির্ধারণ করা হলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমি

শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমি