ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের পেশাদারি আচরণ, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব মনোভাব বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পটুয়াখালী ও খুলনা সফরকালে তিনি এসব নির্দেশনা দেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাপ্রধান তার সফরকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেন এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।
এছাড়া তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন। এসব সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে সেনাপ্রধান বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ জনগণের সঙ্গে আচরণে ধৈর্য, শালীনতা ও মানবিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পটুয়াখালী ও খুলনা পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার, ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর, বরিশাল ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও সভাগুলোতে উপস্থিত ছিলেন।
সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ভোট আয়োজনের লক্ষ্যে সেনাবাহিনীর প্রস্তুতি ও সমন্বয়ের বিষয়টি এই সফরের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে।
কসমিক ডেস্ক