চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, চট্টগ্রামকে একটি সম্প্রীতিপূর্ণ, শান্তিপূর্ণ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতেই তিনি রাজনীতি করছেন। বিভাজন নয়, বরং সহাবস্থান ও ঐক্যের রাজনীতির মাধ্যমেই নগরীর টেকসই উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর সাগরিকা মোড় থেকে শুরু করে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার নানা সমস্যা ও নাগরিক চাহিদার কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় নগরী। এখানে সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের বসবাস। এই বৈচিত্র্যই চট্টগ্রামের শক্তি। কিন্তু এই শক্তিকে ধরে রাখতে হলে বিভক্তির রাজনীতি পরিহার করে সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা। মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাজনীতিবিদদের সবচেয়ে বড় দায়িত্ব। আমি বিশ্বাস করি, রাজনীতি যদি মানুষের জন্য করা হয়, তাহলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি প্রার্থী বলেন, উন্নয়ন বলতে শুধু সড়ক, ভবন কিংবা বড় প্রকল্প বোঝায় না। প্রকৃত উন্নয়ন হলো মানুষের জীবনমানের উন্নয়ন। এর মধ্যে রয়েছে নিরাপদ নগরী, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার রক্ষা করা।
তিনি আরও বলেন, আমি কথার রাজনীতিতে বিশ্বাসী নই। আমি কাজে বিশ্বাস করি। জনগণের পাশে থেকে তাদের সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করাই আমার রাজনীতির লক্ষ্য। এই আদর্শ ও লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে যুক্ত রয়েছি।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সাঈদ আল নোমান তাদের কথা শোনেন এবং সুযোগ পেলে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১০ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান।
কসমিক ডেস্ক