ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স—হাতপাখা: রেজাউল করীম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স—হাতপাখা: রেজাউল করীম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স—হাতপাখা: রেজাউল করীম ছবির ক্যাপশন:
ad728

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের পক্ষে ও ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “ইসলামের বিজয়ের জন্য, হাতপাখা প্রতীকের বিজয়ের জন্য আমরা মা-বোনদের কাছে যাব, মুরুব্বিদের কাছে যাব। তাদের বোঝাব—ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স রয়েছে, আর সেটি হলো হাতপাখা প্রতীক।”

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি ও রাজারহাট) আসনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে কেবল একটি প্রতীক রয়েছে। তার ভাষায়, “যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন এবং ইসলামী আদর্শের শাসন দেখতে চান—সেই মা-বোন ও ভাইদের কাছে অনুরোধ করছি, দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাতপাখা মার্কায় ভোট দিন।”

তিনি আরও বলেন, দেশের প্রকৃত পরিবর্তন আসতে পারে কেবল ইসলামী নীতি, ন্যায়বিচার, উত্তম আদর্শ ও মানবতার কল্যাণের পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে। তার মতে, ভোটের প্রকৃত বিজয় তখনই হবে, যখন জনগণ ইসলামের পক্ষে রায় দেবে।

বক্তব্যে তিনি বলেন, ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ পরিচালনা করা না হলে অতীতে সংঘটিত আন্দোলন ও ত্যাগের অর্থ হারিয়ে যাবে। তিনি বলেন, “যদি ইসলামী অনুশাসনে দেশ পরিচালিত না হয়, তাহলে এত প্রাণের বিনিময়ে আন্দোলনের প্রয়োজন কী ছিল—এই প্রশ্ন থেকেই যায়।”

রেজাউল করীম আরও মন্তব্য করেন, যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনায় আগ্রহী নয়, তারা কার্যত ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নুর বখত, জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা সবাই হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনী প্রচারণা জোরদারের ওপর গুরুত্ব দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূরাজনৈতিক উত্তেজনায় সোনার দামে লাগামছাড়া ঊর্ধ্বগতি

ভূরাজনৈতিক উত্তেজনায় সোনার দামে লাগামছাড়া ঊর্ধ্বগতি