এনসিপি এখন জামায়াত নির্ভর, অস্তিত্ব সংকটে: সাবেক এনসিপি নেতা এরফানুল হক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এনসিপি এখন জামায়াত নির্ভর, অস্তিত্ব সংকটে: সাবেক এনসিপি নেতা এরফানুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
এনসিপি এখন জামায়াত নির্ভর, অস্তিত্ব সংকটে: সাবেক এনসিপি নেতা এরফানুল হক ছবির ক্যাপশন:
ad728

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান রাজনৈতিক অবস্থান ও প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন দলটি থেকে সদ্য পদত্যাগ করা বান্দরবান জেলা সদস্যসচিব মোহাম্মদ এরফানুল হক। তিনি বলেছেন, ২০২৪ সালের আগস্টের আন্দোলনের চেতনা থেকে সরে গিয়ে এনসিপি এখন রাজনৈতিকভাবে দিশাহীন হয়ে পড়েছে। তাঁর ভাষায়, জামায়াতে ইসলামীর সঙ্গে মিশে যাওয়া ছাড়া দলটির সামনে আর কোনো ভবিষ্যৎ নেই।

সোমবার বিকেল সাড়ে তিনটায় বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরফানুল হক। এ সময় তাঁর কয়েকজন কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বান্দরবান আসনে ভিন্ন জেলা থেকে একজন প্রার্থী মনোনয়নের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এরফানুল হক বলেন, বান্দরবান আসনে বহিরাগত প্রার্থী দিয়ে এনসিপি মূলত স্থানীয় জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আগে কখনো এই আসনে বাইরের জেলার কাউকে প্রার্থী করা হয়নি, অথচ এবার এনসিপি সেই নজির স্থাপন করেছে। তিনি বলেন, জনপ্রতিনিধি হতে হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও বাস্তবতা বোঝা জরুরি, যা একজন বহিরাগত প্রার্থীর পক্ষে সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এনসিপি বান্দরবানের মানুষের আত্মসম্মানে আঘাত করেছে। এই অসম্মানের জবাব ভোটাররা নির্বাচনের মাধ্যমেই দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ভোটারদের বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরফানুল হক অভিযোগ করেন, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন ২০২৪ সালের আগস্ট আন্দোলনের মূল চেতনা থেকে বিচ্যুত। তাঁর মতে, দলটি এখন আর তৃণমূলভিত্তিক রাজনৈতিক সংগঠন নেই; বরং এটি বাংলামোটরকেন্দ্রিক কিছু ব্যক্তির দলে পরিণত হয়েছে।

এনসিপির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, দলটি বর্তমানে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। এই কৌশল দীর্ঘমেয়াদে সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে বাস্তবতায় এই পথ ছাড়া এনসিপির সামনে আপাতত আর কোনো বিকল্প নেই বলেও দাবি করেন। এসব কারণেই তিনি দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এখনো তিনি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে বান্দরবান আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে দলের জেলা আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেকোনো নাগরিক যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন। এতে আইনি কোনো বাধা নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করছেন বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত পাঁচজন

কুমিল্লায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত পাঁচজন