নরসিংদীতে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চাঁদাবাজির উদ্দেশ্যে সংঘটিত এই হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে দলটি।
সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।
বিবৃতিতে তিনি জানান, সোমবার সন্ধ্যায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর কয়েকজন সদস্য তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী তাঁদের কাছে চাঁদা দাবি করে।
সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এস এম ফয়েজ ও ক্র্যাবের একজন স্টাফ লালসহ মোট অন্তত ১০ জন আহত হন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও বর্বর। এটি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা সাংবাদিকদের ভয় দেখিয়ে কণ্ঠরোধ করতে চায়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
জামায়াত নেতা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাঁদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা দেশে ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন টেকসই হতে পারে না। তাই সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
কসমিক ডেস্ক