বিশ্বে প্রথমবারের মতো সোনায় মোড়ানো সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে নির্মিত হতে যাওয়া এই সড়কের নাম দেওয়া হয়েছে ‘গোল্ড স্ট্রিট’। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুবাই মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।
দুবাইভিত্তিক আবাসন ও উন্নয়ন প্রতিষ্ঠান ইথরা গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ ব্যতিক্রমী প্রকল্পের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সড়কটির নির্মাণকাজ ও নকশা সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। কী পরিমাণ স্বর্ণ ব্যবহার করা হবে এবং সড়কটি কতটুকু এলাকায় বিস্তৃত হবে—এসব বিষয়ে আপাতত নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণ রপ্তানিকারক দেশ। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটি প্রায় ৫ হাজার ৩৪১ কোটি মার্কিন ডলারের স্বর্ণ রপ্তানি করেছে। এ সময়ে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক ছিল আমিরাতের প্রধান বাণিজ্যিক অংশীদার। আন্তর্জাতিক স্বর্ণবাজারে সক্রিয় ভূমিকার কারণে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের বাজার হিসেবে পরিচিত।
স্বর্ণবাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই দুবাইয়ে গড়ে তোলা হচ্ছে গোল্ড ডিস্ট্রিক্ট। একে সংযুক্ত আরব আমিরাতের নতুন ‘হোম অব গোল্ড’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই অঞ্চলে স্বর্ণ ও গহনা সংশ্লিষ্ট পাইকারি ও খুচরা ব্যবসা, প্রদর্শনী কেন্দ্র, বিনিয়োগ সুবিধা এবং আধুনিক বিপণন অবকাঠামো এক ছাতার নিচে পাওয়া যাবে।
বিশ্লেষকদের মতে, গোল্ড স্ট্রিট নির্মাণ শুধু একটি নান্দনিক প্রকল্প নয়, বরং এটি দুবাইয়ের বৈশ্বিক ব্র্যান্ডিং কৌশলের অংশ। পর্যটন, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যে দুবাইকে আরও আকর্ষণীয় করে তুলতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
দুবাই ইতোমধ্যে বিলাসবহুল স্থাপনা, ব্যতিক্রমী স্থাপত্য ও উদ্ভাবনী প্রকল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত। স্বর্ণে মোড়ানো সড়ক নির্মাণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা বিশ্ব পর্যটন ও অর্থনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক