ক্ষমতা নয়, সেবার রাজনীতিতে বিশ্বাসী : ডা. ফজলুল হক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্ষমতা নয়, সেবার রাজনীতিতে বিশ্বাসী : ডা. ফজলুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
ক্ষমতা নয়, সেবার রাজনীতিতে বিশ্বাসী : ডা. ফজলুল হক ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সার্বিক উন্নয়ন, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। এ সময় তিনি বলেন, ক্ষমতা অর্জন নয়, জনগণের দায়িত্ব নেওয়াই তার রাজনীতির মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় নগরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম-৯ আসনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ডা. ফজলুল হক বলেন, এ আসন থেকে একাধিক প্রভাবশালী এমপি ও মন্ত্রী নির্বাচিত হলেও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, এই অবস্থা কোনো একক ব্যক্তির ব্যর্থতার ফল নয়। বরং পরিকল্পনাহীনতা, দুর্নীতি ও রাজনৈতিক দায়িত্বহীনতার কারণে এলাকাবাসী উন্নয়নের সুফল পায়নি। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাজনীতি প্রয়োজন।

স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে জামায়াত প্রার্থী বলেন, নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাধারণ রোগের চিকিৎসা নিশ্চিত করা হবে। চিকিৎসক ও নার্সের উপস্থিতিতে নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা থাকবে।

তিনি বলেন, মানুষের যেন কাছাকাছি চিকিৎসা পাওয়া যায়, সেটিই আমার লক্ষ্য। সম্ভব হলে ২৪ ঘণ্টা, না পারলেও সকাল থেকে রাত পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এতে বড় হাসপাতালের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে।

নগরের জলাবদ্ধতা সমস্যা প্রসঙ্গে ডা. ফজলুল হক বলেন, সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। খণ্ড খণ্ড প্রকল্প দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ, খাল উদ্ধার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর তিনি গুরুত্ব দেন।

যানজট নিরসনে তিনি বলেন, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকা সত্ত্বেও নগরবাসী কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। কোথাও কোথাও যানজট আরও বেড়েছে। উন্নয়ন তখনই কার্যকর হয়, যখন তা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে। পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা, বিকল্প সড়ক, সুশৃঙ্খল পার্কিং ও আধুনিক গণপরিবহন ছাড়া যানজট নিরসন সম্ভব নয়।

ফুটপাত দখল ও হকার সমস্যা নিয়ে তিনি বলেন, হকাররা জীবিকার তাগিদেই ফুটপাতে বসেন। একদিনে উচ্ছেদ করে সমস্যার সমাধান হয় না। প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট দিনে সাপ্তাহিক হকার মার্কেট চালুর প্রস্তাব দেন তিনি, যাতে ফুটপাত দখলমুক্ত থাকে এবং হকারদের জীবিকাও নিশ্চিত হয়।

বস্তি উন্নয়ন প্রসঙ্গে ডা. ফজলুল হক বলেন, উচ্ছেদ নয়, বরং পরিকল্পিতভাবে বস্তিগুলোকে আধুনিক আবাসিক এলাকায় রূপান্তর করতে হবে। কম কিস্তিতে আবাসনের সুযোগ দিলে দরিদ্র পরিবারগুলোও উন্নত জীবনযাপনের সুযোগ পাবে।

দুর্নীতির বিষয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ দুর্নীতি। বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয় না হলে জনগণ সুফল পায় না। জামায়াতে ইসলামের রাজনীতির ভিত্তি আল্লাহভীতি ও জবাবদিহিতা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা একটি আমানত—এই বিশ্বাস থেকেই তারা দুর্নীতিমুক্ত রাজনীতিতে বিশ্বাস করে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টিএফআই সেলে গুম: শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠন আদেশ পেছাল

টিএফআই সেলে গুম: শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠন আদেশ পেছাল