অর্থসংকটে ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচনে পিছিয়ে: চরমোনাই পীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অর্থসংকটে ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচনে পিছিয়ে: চরমোনাই পীর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
অর্থসংকটে ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচনে পিছিয়ে: চরমোনাই পীর ছবির ক্যাপশন:
ad728

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাদের দলের প্রার্থীদের জন্য নির্বাচন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার প্রায় চার দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দলের একজন সদস্যও জাতীয় সংসদে যেতে পারেননি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা ইসহাক চোকদারের হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, “১৯৮৭ সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আমাদের দল থেকে এখনো পর্যন্ত একজন এমপি সংসদে যেতে পারেনি। সুযোগ ছিল অনেক। বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে—এমপি কিংবা মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও এসেছে। কিন্তু টাকার অভাবের কারণে আমাদের প্রার্থীরা ঠিকমতো নির্বাচন করতে পারে না।”

তিনি বলেন, ইসলামী আন্দোলন কখনোই সেই সব নীতি-আদর্শ কিংবা নেতৃত্বের সহযোগী হতে পারে না, যাদের মাধ্যমে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। “গতানুগতিক রাজনীতির ধারায় যারা দেশ চালিয়েছে, তাদের আদর্শের সঙ্গে আমাদের অবস্থান এক নয়,”—বলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের পুনর্গঠন প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, ইসলামী আদর্শের পক্ষে একটি রাজনৈতিক ঐক্যের উদ্যোগ নেওয়া হয়েছিল। শুরুতে কওমি ধারার দলগুলোকে নিয়ে সেই প্রচেষ্টা শুরু হয়, পরে জামায়াত এতে যুক্ত হয়। তবে তিনি অভিযোগ করেন, একপর্যায়ে সেই জোট আদর্শচ্যুত হয়ে পড়ে।

জামায়াত জোট প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতের একজন হিন্দু প্রার্থী নিজেই বলেছেন, জামায়াত ইসলামী দল নয়। আবার কর্নেল অলি আহমেদ বলেছেন, জামায়াত ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত নিয়মেই দেশ চলবে।”

চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়ম ও আদর্শ গত ৫৪ বছর ধরে চললেও খুন, চুরি, দুর্নীতি, চাঁদাবাজি কিংবা বিদেশে টাকা পাচার বন্ধ করা যায়নি। তার ভাষায়, এই প্রচলিত নীতির মাধ্যমে অসংখ্য নিরপরাধ মানুষ মিথ্যা মামলার শিকার হয়ে সংসারহারা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই ব্যবস্থাই দেশের ভেতরে বসে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, “প্রচলিত নীতি-আদর্শ দিয়ে ভালো ফল পাওয়ার আশা করা যায় না। ইসলামী আদর্শ ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. হান্নান মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মো. ইসহাক চোকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি রেজাউল করিম আবরার, দপ্তর সম্পাদক মাওলানা মোক্তার হোসেন জাফর, ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মোস্তফা কামালসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জনসভায় ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা মাসুদ বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা মাসুদ বহিষ্কার