রংপুর-১ আসনের জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রংপুর-১ আসনের জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
রংপুর-১ আসনের জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল ছবির ক্যাপশন:
ad728

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে তিনি আর অংশ নিতে পারবেন না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী। অপরদিকে, ওই আসনের বিএনপি প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

শুনানি শেষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের জানান, গত ২১ জানুয়ারি হাইকোর্ট রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। আপিল বিভাগ আজ সেই আদেশ বহাল রেখেছেন।

মামলার পটভূমিতে জানা যায়, হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য যথাযথভাবে উল্লেখ না করার অভিযোগে গত ১ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেন।

পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে প্রথম দফায় কমিশন মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। পরে পুনর্বিবেচনার আবেদন করেন মঞ্জুম আলী। আপিল শুনানির অষ্টম দিনে, গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে রংপুর-১ আসনের বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট কমিশনের সিদ্ধান্ত বাতিল করে মঞ্জুম আলীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন, যা আজ আপিল বিভাগে বহাল থাকে।

বর্তমানে রংপুর-১ আসনে বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন—
বিএনপির মোকাররম হোসেন সুজন,
জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী,
ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আল মামুন,
গণঅধিকার পরিষদের হানিফুর রহমান,
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর আহসানুল আরেফিন,
ইসলামিক ফ্রন্টের মো. আনাস
এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে তারেক রহমানের জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ময়মনসিংহে তারেক রহমানের জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা