নির্বাচনের সময়সীমা ঘনিয়ে আসায় ভোটারদের মন জয় করতে মাঠপর্যায়ে প্রচারণা জোরদার করেছে বিএনপি। প্রচারের শেষ দিনগুলোতে প্রার্থী ও তাদের সমর্থকদের পাশাপাশি দলের নারী কর্মীরাও বিরামহীনভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। এরই অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দুটি সংসদীয় আসনে সক্রিয়ভাবে গণসংযোগে নেমেছেন নারী কর্মীরা।
ঢাকা-১৭ আসনে ধানের শীষে ভোট চেয়ে বাড়ি বাড়ি প্রচারণা চালাচ্ছেন বীথিকা বিনতে হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তি খান। তারা দারোয়ান, রিকশাচালক ও মুদি দোকানিদের হাতে স্লোগানসংবলিত পোস্টার তুলে দিচ্ছেন। এসব গণসংযোগের ছবি বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এর আগে একই আসনে তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ করতে দেখা যায় তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথীকে।
অন্যদিকে বগুড়া-৬ আসনেও প্রচারণা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফায়েড পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, জেলা ছাত্রদলের নেত্রী ও চিকিৎসক উম্মে হানি পৃথ্বীর নেতৃত্বে নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। প্রচারণায় তারা ভোটারদের বোঝাচ্ছেন—ধানের শীষের প্রার্থী তারেক রহমান এই এলাকার সন্তান এবং এখান থেকেই তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন।
নির্বাচনী প্রচারণায় নারী ভোটারদের গুরুত্ব বাড়ায় বিভিন্ন রাজনৈতিক দল বাড়িভিত্তিক গণসংযোগে জোর দিচ্ছে। এ প্রেক্ষাপটে বিএনপির নারী কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সংসদীয় আসনে প্রচারণায় যুক্ত হচ্ছেন। দলের চেয়ারম্যানের দুই আসনে একাধিক নারী টিমের সক্রিয় উপস্থিতি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে।
ঢাকা-১৭ আসনটি গুলশান (ডিএনসিসি ওয়ার্ড ১৮–২০) ও ক্যান্টনমেন্ট এলাকা (ডিএনসিসি ওয়ার্ড ১৫) নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন। এখানে তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী স. ম. খালিদুজ্জামান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নির্বাচন করছেন।
অন্যদিকে বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন। এই আসনে তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের শীর্ষ নেতা মো. আবিদুর রহমান।
এই বিপুল সংখ্যক ভোটারের সমর্থন আদায়ে মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন বিএনপির নারী কর্মীরা। তাদের ঘরে ঘরে গিয়ে ভোটের বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নির্বাচনী মাঠে আলাদা করে নজর কাড়ছে।