ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক ছবির ক্যাপশন:

দেশের করব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং সহজ করতে অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (২৮ জুন) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে নির্ধারিত কিছু ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

তবে কয়েকটি বিশেষ শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। যদিও এসব ব্যক্তি চাইলে স্বেচ্ছায় অনলাইনেই রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর আরও জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কারিগরি সমস্যার কারণে যদি কোনো বাধ্যতামূলক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তাকে কাগজে (পেপার) রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের মতে, অনলাইনভিত্তিক করসেবা চালুর মাধ্যমে করদাতারা ঘরে বসেই নিরাপদ, দ্রুত এবং সহজ উপায়ে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। একই সঙ্গে কর প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে।

এ বিশেষ আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বিষয়টি অবহিত করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কৃত্রিম বুদ্ধিমত্তায় বৈশ্বিক ঐকমত্যে যুক্ত হলো বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তায় বৈশ্বিক ঐকমত্যে যুক্ত হলো বাংলাদেশ