বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না। পে কমিশনের প্রতিবেদন কেবল জমা দেওয়া হয়েছে, বাস্তবায়ন বা বাতিলের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না। নির্বাচিত সরকার চাইলে এটি বাস্তবায়ন করতে পারে বা বাতিলও করতে পারে। এতে ভবিষ্যৎ সরকারের ওপর কোনো অতিরিক্ত চাপ তৈরি হবে না।”
তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা বিবেচনায় রেখেই অন্তর্বর্তী পে কমিশন গঠন করা হয়। উদ্দেশ্য ছিল, নির্বাচিত সরকার যেন দায়িত্ব নেওয়ার পর হঠাৎ করে এই ক্ষোভের মুখে না পড়ে।
সরকারি ব্যয় ও বরাদ্দ প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, ‘হ্যাঁ’ ভোটকে কেন্দ্র করে কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ বর্তমানে সামরিক সরঞ্জাম আমদানি করলেও ভবিষ্যতে দেশেই এসব সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, রমজান মাস সামনে রেখে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি র্যাবের জন্য ১০০টি জিপ কেনা হবে এবং কৃষিখাতে ব্যবহারের জন্য ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের অনুমতিও দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, এসব সিদ্ধান্তের লক্ষ্য হলো আসন্ন রমজান ও অন্যান্য প্রয়োজনীয় সময়ে বাজার স্থিতিশীল রাখা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ও কৃষি উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা।
কসমিক ডেস্ক