আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের দিন আগামী ১২ ফেব্রুয়ারি সারা রাত পোস্ট অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গণনার বিবরণী দ্রুত নির্বাচন কমিশনে পৌঁছানো নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসি উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা ডাক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছেন। নির্দেশনায় উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফা অনুযায়ী ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসাররা ভোট গণনার বিবরণীর একটি কপি বিশেষ খামের মাধ্যমে ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের কাছে পাঠাবেন।
ইসি জানায়, ভোট গণনার বিবরণী যথাযথভাবে এবং নিরাপদে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসাররা অগ্রিম ডাকমাশুল পরিশোধ না করে বিমাকৃত ডাক অথবা প্রাপ্তিস্বীকারসহ রেজিস্টার্ড ডাকের মাধ্যমে ফল পাঠাবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে অবশ্যই প্রাপ্তিস্বীকার গ্রহণ করতে হবে।
নির্দেশনায় বলা হয়, ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা থেকে প্রয়োজন অনুযায়ী গভীর রাত পর্যন্ত—এমনকি প্রয়োজনে সারা রাত এবং পরদিন সকাল পর্যন্ত—সংশ্লিষ্ট পোস্ট অফিস খোলা রাখতে হবে। ভোট গণনার বিবরণী ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে পাঠানো শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।
এ ছাড়া ডাকযোগে প্রেরিত ভোট গণনার ফলাফল যেন দ্রুত ও জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে পৌঁছায়, সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ভোটগ্রহণের পর কয়েকদিন পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও জানানো হয়, অগ্রিম ডাকমাশুল পরিশোধ না করে প্রিজাইডিং অফিসারদের পাঠানো ভোট গণনার বিবরণীর ব্যয় ‘বুক এডজাস্টমেন্ট’ পদ্ধতির মাধ্যমে ডাক বিভাগকে পরিশোধ করা হবে।
নির্বাচন কমিশন বলছে, ভোটের ফল দ্রুত ও নির্ভুলভাবে সংগ্রহ এবং কেন্দ্র থেকে কেন্দ্রীয় পর্যায়ে তথ্য পৌঁছানোর স্বচ্ছতা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভোটের দিনই অধিকাংশ আসনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছে ইসি।
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কসমিক ডেস্ক