ভোটের ফল দ্রুত পেতে ডাক বিভাগকে বিশেষ নির্দেশ নির্বাচন কমিশনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটের ফল দ্রুত পেতে ডাক বিভাগকে বিশেষ নির্দেশ নির্বাচন কমিশনের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
ভোটের ফল দ্রুত পেতে ডাক বিভাগকে বিশেষ নির্দেশ নির্বাচন কমিশনের ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার সকল রিটার্নিং অফিসারদের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফা অনুযায়ী প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র থেকে সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণীর একটি কপি পাঠাবেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত বিশেষ খামের মাধ্যমে সাধারণ ভোটকেন্দ্র থেকে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনার বিবরণী (ফরম-১৬) এবং গণভোটের ভোটগণনার বিবরণী (ফরম-৩) পাঠাতে হবে। একই সঙ্গে পোস্টাল ব্যালট পেপার গণনা কেন্দ্র থেকে পোস্টাল ব্যালটে প্রদত্ত ভোটগণনার বিবরণী (ফরম-১৬ক) ও গণভোটের পোস্টাল ব্যালট পেপার গণনার বিবরণী (ফরম-৪) প্রেরণ করতে হবে।

এ উদ্দেশ্যে প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে একটি করে বিশেষ খাম সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এসব বিশেষ খাম ইতোমধ্যে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশ্লিষ্ট জেলাগুলোতে সরবরাহ করা হয়েছে।

ভোটগণনার বিবরণী নিরাপদ ও যথাসময়ে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসারদের বীমাকৃত ডাক অথবা প্রাপ্তিস্বীকারসহ রেজিস্টার্ড ডাকযোগে ফল পাঠাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে প্রাপ্তি স্বীকার গ্রহণ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এ ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারদের কোনো অগ্রিম ডাকমাশুল পরিশোধ করতে হবে না। অর্থাৎ নির্ধারিত বিশেষ খামে কোনো স্ট্যাম্প সংযোজনের প্রয়োজন হবে না। প্রয়োজনীয় ডাকমাশুল ডাক বিভাগকে ‘বুক এডজাস্টমেন্ট’ পদ্ধতির মাধ্যমে পরিশোধ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা প্রিজাইডিং অফিসারদের এ বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা দেবেন। প্রিজাইডিং অফিসাররা জেলা বা উপজেলার প্রধান পোস্ট অফিস কিংবা ভোটকেন্দ্রের নিকটবর্তী সুবিধাজনক অন্য কোনো পোস্ট অফিস থেকে ভোটগণনার বিবরণী ডাকযোগে পাঠাবেন।

ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট পোস্ট অফিসগুলো প্রয়োজনে সারা রাত এবং পরদিন সকাল পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ডাক বিভাগকে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে ডাকযোগে পাঠানো ভোটগণনার বিবরণী দ্রুত নির্বাচন কমিশনে পৌঁছায়।

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সকল রিটার্নিং অফিসারদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ ভোট নিশ্চিতে অপরাধীদের তথ্য দিতে পুলিশের আহ্বান

স্বচ্ছ ভোট নিশ্চিতে অপরাধীদের তথ্য দিতে পুলিশের আহ্বান