কাঠামোগত সংস্কারে রাজস্ব ব্যবস্থায় অগ্রগতি দাবি এনবিআরের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাঠামোগত সংস্কারে রাজস্ব ব্যবস্থায় অগ্রগতি দাবি এনবিআরের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
কাঠামোগত সংস্কারে রাজস্ব ব্যবস্থায় অগ্রগতি দাবি এনবিআরের ছবির ক্যাপশন:
ad728

রাজস্ব খাতে কাঠামোগত সংস্কার ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমান সরকারের সময়ে রাজস্ব ব্যবস্থাপনা উন্নয়ন, বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরি, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং করের আওতা বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এনবিআর জানায়, সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রমকে আলাদা করার উদ্যোগ। এ লক্ষ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এনবিআরের মতে, এই কাঠামোগত পরিবর্তন রাজস্ব ব্যবস্থার দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মের (নিকার) সভায় এই সংস্কারের অনুমোদনকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এনবিআরের জন্য ১০ বছর মেয়াদি মধ্য ও দীর্ঘমেয়াদি রাজস্ব কৌশল গ্রহণ করা হয়েছে। এই কৌশলের মাধ্যমে রাজস্ব-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং রাজস্ব আহরণে কাঠামোগত সক্ষমতা জোরদারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে অর্থ জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে, যা রাজস্ব সংগ্রহ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করেছে।

এনবিআর নতুন ব্যাগেজ রুলস—‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ জারি করেছে। এই বিধিমালা অনুযায়ী, একজন যাত্রী বছরে একবার শুল্কমুক্ত সুবিধায় একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। পাশাপাশি, ন্যূনতম ছয় মাস বিদেশে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা বছরে কোনো শুল্ক ও কর ছাড়াই দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

ভ্যাট ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে অনলাইন নিবন্ধন, অনলাইন রিটার্ন দাখিল, অনলাইন পেমেন্ট, ই-রিফান্ড এবং ভ্যাট স্মার্ট চালান চালু করা হয়েছে বলে জানায় এনবিআর। সব ভ্যাটদাতা যেন নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দিতে পারেন, সে জন্য কাগজে দাখিল করা রিটার্নগুলোও সিভিএটি (CVAT) সিস্টেমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়কর ব্যবস্থায়ও অনলাইন নির্ভরতা বাড়ানো হয়েছে। চলতি বছরে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআরের তথ্যমতে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩৪ লাখের বেশি ই-রিটার্ন জমা পড়েছে। এসব রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কাগজপত্র বা দলিলপত্র আপলোড করতে হয়নি। সংস্থাটির দাবি, এই উদ্যোগগুলো করদাতাদের ভোগান্তি কমানোর পাশাপাশি রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত আমিরের মন্তব্য ঘিরে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জামায়াত আমিরের মন্তব্য ঘিরে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ