টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি মামলার শুনানি ফের পেছাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি মামলার শুনানি ফের পেছাল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি মামলার শুনানি ফের পেছাল ছবির ক্যাপশন:

রাজধানীর গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

রবিবার (২৮ জুন) সকালে ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষ থেকে সময়ের আবেদন করা হলে আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, চার্জগঠন শুনানির জন্য দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষ সময় প্রার্থনা করায় আদালত শুনানি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেছেন।

এর আগে গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় এটি ঢাকার বিশেষ জজ-৫ আদালতে বদলির নির্দেশ দেন।

গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধ সুবিধার মাধ্যমে গ্রহণ ও পরবর্তীতে রেজিস্ট্রি করার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল দুদক মামলা দায়ের করে। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখল করেন এবং পরে সেটি নিজেদের নামে নিবন্ধন সম্পন্ন করেন।

মামলা চলাকালে তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন আসামি শাহ মো. খসরুজ্জামান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য তদন্ত কার্যক্রম স্থগিত করেছিলেন। পরে বিষয়টি চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

পরবর্তীতে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দুদক দণ্ডবিধির ১৬১, ১৬৫(ক), ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

বর্তমানে মামলাটির পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে চার্জগঠন শুনানির অপেক্ষা চলছে। আগামী ১ সেপ্টেম্বর আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণ, মৃত্যু ২০০ ছাড়িয়েছে

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণ, মৃত্যু ২০০ ছাড়িয়েছে