গোবিন্দগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার অভিযানে পুলিশের ওপর হামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গোবিন্দগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার অভিযানে পুলিশের ওপর হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
গোবিন্দগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার অভিযানে পুলিশের ওপর হামলা ছবির ক্যাপশন:
ad728

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা, এসআই মীর কায়েস এবং এসআই মমিনুল। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ সদস্যদের বাড়ির ভেতরে অবরুদ্ধ করে রাখেন।

একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং তাদের মারধর করা হয়। হামলার সময় পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর একটি দল মেজর মাসুমের নেতৃত্বে এলাকায় তল্লাশি অভিযান চালায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা আইন অমান্য করছে, তাদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। প্রশাসন যদি নিজেই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে—এ নিয়ে আমরা উদ্বিগ্ন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নরসিংদীতে সাংবাদিক নির্যাতন: মামলা, গ্রেপ্তার তিন

নরসিংদীতে সাংবাদিক নির্যাতন: মামলা, গ্রেপ্তার তিন