চীনের দালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেশন শুরু হয়, যার শিরোনাম ছিল ‘Innovating at Scale’ বা ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’।
সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও উদ্বোধনী বক্তব্য দেন। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকার প্রধান ও শীর্ষ নেতা অংশ নেন। উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।
সেশনের ফাঁকে বিশ্বনেতারা পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে একাধিক অনানুষ্ঠানিক বৈঠকও অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের সরকারপ্রধানরা সম্মেলনের সাইডলাইনে ফটো সেশনে অংশ নেন।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের নীতিনির্ধারকরা বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সম্মেলন আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই অংশগ্রহণকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক