উত্তর কিভুতে খনি ধস, প্রাণ গেল ২০০ জনের বেশি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

উত্তর কিভুতে খনি ধস, প্রাণ গেল ২০০ জনের বেশি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
উত্তর কিভুতে খনি ধস, প্রাণ গেল ২০০ জনের বেশি ছবির ক্যাপশন:
ad728

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় ভয়াবহ খনি ধসের ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (স্থানীয় সময়) রাতের দিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি খনিতে এই দুর্ঘটনা ঘটে।

প্রদেশের বিদ্রোহী-সমর্থিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানিয়েছেন, ধসের সময় খনির ভেতরে শ্রমিক, শিশু এবং আশপাশের বাজারে কাজ করা নারীসহ বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছিলেন। তার ভাষ্য অনুযায়ী, অন্তত ২০০ জন এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত অন্তত ২০ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মুইসা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজ শুরু করেন। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে খনিটি বিদ্রোহী অধ্যুষিত এলাকায় হওয়ায় উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।

উত্তর কিভু প্রদেশের এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়োজিত গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা এএফপিকে জানান, এখনো মৃত ও আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তার বক্তব্য অনুযায়ী, নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান বর্ষাকালের কারণে খনির মাটি অত্যন্ত নরম ও দুর্বল হয়ে পড়েছিল। এর ফলে হঠাৎ করেই খনির একটি বড় অংশ ধসে পড়ে। কঙ্গোর বিভিন্ন অঞ্চলে অবৈধ ও অনিরাপদ খনিতে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ডিআর কঙ্গোর খনিজসমৃদ্ধ এলাকাগুলোতে নিরাপত্তাহীন ও অপরিকল্পিত খনন দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সরকারি তদারকি না থাকায় শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। মানবাধিকার সংস্থাগুলো বারবার এ ধরনের খনিতে শিশু ও নারীদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের বিষয়টি তুলে ধরে আসছে।

এ ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ঘুমের সময়’ বলে সেবা না দেওয়ার অভিযোগ, নবজাতক হারাল পরিবার

‘ঘুমের সময়’ বলে সেবা না দেওয়ার অভিযোগ, নবজাতক হারাল পরিবার