ঈদ মানেই খুশি, আনন্দ এবং নানা পদের মুখরোচক খাবারের উৎসব। তবে এই ভারী খাবারের ফলে ঈদের পর অনেকেই ভুগে থাকেন গ্যাস বা বদহজমের সমস্যায়। উৎসবের আনন্দ যেন শারীরিক অস্বস্তিতে ম্লান না হয়, এজন্য কিছু সহজ অভ্যাস মেনে চলা জরুরি।
ঈদের সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। একবারে বেশি খাবার খাওয়া হজমে সমস্যা তৈরি করে। তাই চেষ্টা করুন অল্প অল্প করে বারবার খাবার খেতে। খাবারের হজমে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই দিনে পর্যাপ্ত পানি পান করুন।
ভারী খাবারের সঙ্গে আবার তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। বরং ভাত, ডাল, সবজি, সালাদ বা স্যুপের মতো হালকা খাবার খান। খাওয়ার পরপরই শুয়ে পড়ার বদলে অন্তত ১৫-২০ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। এতে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং গ্যাস জমার সম্ভাবনা কমে।
গ্যাস বা বদহজম হলে ঘরোয়া কিছু উপায় কার্যকর হতে পারে। যেমন—গরম পানি, আদা চা, জিরা ভেজানো পানি বা লেবু-মিশ্রিত গরম পানি। এসব প্রাকৃতিক উপাদান পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।
যদি সমস্যা দীর্ঘস্থায়ী বা তীব্র হয়, অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রয়োজন হলে সঠিক চিকিৎসা গ্রহণ করলে দ্রুত আরাম পাওয়া সম্ভব।
কসমিক ডেস্ক