দুর্নীতি প্রতিরোধ ও মাঠপর্যায়ে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) সক্রিয় সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুদকের নাম ভাঙিয়ে চলমান প্রতারণা ঠেকাতে জনগণকে সতর্ক থাকতে এবং দ্রুত হটলাইন ১০৬-এ অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশন শেষে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম এ তথ্য জানান। তিনি বলেন, মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে জনসচেতনতা তৈরিতে তাদের সহযোগিতা প্রত্যাশিত।
তিনি আরও জানান, সম্প্রতি বিভিন্ন জায়গায় দুদক বা সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা বেড়েছে। বিশেষ করে দুদকের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় দ্রুত হটলাইন ১০৬-এ জানাতে বলা হয়েছে। পাশাপাশি জেলা দুদক কার্যালয় বা সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
দুদক সচিব বলেন, প্রতারণার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কার্যক্রমের অংশ হিসেবে মামলা, গ্রেপ্তার, সম্পদ জব্দসহ বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যান জেলা প্রশাসকদের সামনে উপস্থাপন করা হয়েছে। মাঠপর্যায়ে এসব কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, প্রতারণা রোধে দ্রুত তথ্য আদান-প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কসমিক ডেস্ক