জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে।
চলতি শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটে মোট ৭৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে ১০২ জন ভর্তিচ্ছু, যা এ ইউনিটের ভর্তি পরীক্ষাকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আইন অনুষদের ডিন অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।
এছাড়া ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বর এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এবং বাকি ১৮ নম্বর এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রশ্নপত্রে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।
আইন অনুষদের ডিন আরও জানান, যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করতে পারেননি, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য কেন্দ্রগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নামের তালিকা যাচাই করে তাদের পরীক্ষা নেওয়া হবে এবং উত্তরপত্র আলাদা খামে সংরক্ষণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।
কসমিক ডেস্ক