দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের শরীরে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।
একই সময়ে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪০৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে ১ হাজার ৫০৩ জন। তাদের মধ্যে ১ হাজার ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১১৬ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কার্যক্রম আরও জোরদার করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা অভিভাবকদের শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা দেওয়ার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দাগ, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরও জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
কসমিক ডেস্ক