‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। রবিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চার দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
সকাল ৯টার কিছু পর অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের অংশগ্রহণে আয়োজিত বর্ণিল ও সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন করেন। পরে একটি খোলা জিপে চড়ে তিনি সালাম গ্রহণ ও অভিবাদন নেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
এবারের পুলিশ সপ্তাহে প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত প্যারেডে বাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সক্ষমতার প্রদর্শন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। ফলে এবারের আয়োজনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বিশেষ গুরুত্ব লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মতবিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের মূল্যায়নমূলক কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, এই আয়োজন পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনসেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
সরকারের পক্ষ থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও জনআস্থা বৃদ্ধির বিষয়টিও এবারের পুলিশ সপ্তাহের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
কসমিক ডেস্ক