গাইবান্ধা শহরের সুখনগরের একটি কনফারেন্স রুমে শুক্রবার সকাল থেকেই ছিল নতুন স্বপ্ন আর আত্মনির্ভরতার প্রত্যয়ে ভরা এক ব্যতিক্রমী আয়োজন। বসুন্ধরা শুভসংঘ-এর উদ্যোগ ও বসুন্ধরা গ্রুপ-এর সহায়তায় শুরু হয়েছে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি।
বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বন-এর কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ২০ জন অসচ্ছল নারী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে পিছিয়ে পড়া হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আট তরুণীও রয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক ক্রিকেটার ওয়াজিউর রহমান রাফেল বলেন, একটি সেলাই মেশিন শুধু কাপড় সেলাইয়ের যন্ত্র নয়, এটি একজন নারীর জীবন বদলের মাধ্যমও হতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজনীতিক গোলাম রব্বানী মুসা, অবলম্বনের নির্বাহী প্রধান প্রবীর চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিরিন আক্তার, শুভসংঘের সাবেক জেলা সভাপতি হুমায়ূন আহমেদ বিপ্লব, জেলা সাধারণ সম্পাদক আহসানিয়া তাসনিম স্নিগ্ধা, প্রশিক্ষক রোজিনা আখতার, প্রশিক্ষণার্থী প্রীতি বাঁশফোর এবং সাংবাদিক অমিতাভ দাশ হিমুন।
মোবাইল ফোনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান।
প্রবীর চক্রবর্তী বলেন, দলিত ও প্রান্তিক নারীদের এই কর্মসূচিতে যুক্ত করতে পারা একটি বড় অর্জন। নারীরা আয় করতে পারলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।
শিরিন আক্তার বলেন, প্রশিক্ষণ নিতে আসা নারীদের চোখে আত্মবিশ্বাস স্পষ্ট। প্রশিক্ষণ শেষে তারা নিজেদের জীবন নিজেরাই পরিচালনা করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রথম দিনেই প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। কেউ কাপড় কাটার নিয়ম শিখতে চেয়েছেন, কেউবা মাপ নেওয়ার কৌশল জানতে আগ্রহ দেখিয়েছেন।
প্রশিক্ষণার্থী মাকসুদা বেগম বলেন, তিনি একদিন নিজের ছোট্ট টেইলার্স দোকান গড়ে তোলার স্বপ্ন দেখছেন।
হুমায়ূন আহমেদ বিপ্লব জানান, শুধু সদর উপজেলাতেই নয়, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলাতেও একই সঙ্গে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। তিন উপজেলায় মোট ৬০ জন নারী এ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।
আহসানিয়া তাসনিম স্নিগ্ধা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কেউ নিজস্ব দোকান গড়ে তুলবেন, কেউ পরিবারের উপার্জনের ভরসা হয়ে উঠবেন। সুঁই-সুতোর ছোট ছোট ফোঁড়েই অনেক নারীর জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে।
কসমিক ডেস্ক