বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী রয়েছে যারা সবসময় সমাজকে অস্থির রাখতে চায়। ছোটখাটো ইস্যুকে বড় করে তারা গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (৭ মে) নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জেলা প্রশাসনের উদ্যোগে দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়।
রবীন্দ্রচর্চা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করা হয়, যা মূলত জ্ঞানের সীমাবদ্ধতা এবং অনুভবের অভাবের পরিচয়। তার মতে, রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার কবি এবং তার সাহিত্য মানবজীবনকে আলোকিত করার শিক্ষা দেয়।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন হয়নি। জনগণ পরিবর্তনের জন্য বারবার আন্দোলন করেছে, এমনকি জীবনও দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন সবসময় আসেনি।
তিনি আরও দাবি করেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা ও প্রশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেই বর্তমান অবস্থান তৈরি হয়েছে।
অস্থিরতা সৃষ্টির বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, দেশে একটি গোষ্ঠী রয়েছে যারা সমাজে অস্থিরতা তৈরি করতে চায়। সরকার ও জনগণকে সতর্ক থাকতে হবে যাতে নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
তিনি বলেন, দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং অপ্রয়োজনীয় উত্তেজনা এড়িয়ে চলতে হবে।
কসমিক ডেস্ক